দৌলতপুরে অবৈধভাবে মাটি সরবরাহের দায়ে দুই ট্রাক চালককে জরিমানা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও সরবরাহের দায়ে দুই ট্রাক চালককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ দণ্ডপ্রাপ্ত ট্রাক চালকরা হলেন, রাজু আহম্মেদ (২৬) ও মনিরুল ইসলাম (৩৭)। প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেকের এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি চক্র পার্শ্ববর্তী উপজেলা মিরপুর থেকে অবৈধভাবে মাটি কেটে দৌলতপুর উপজেলার হাবলু মোল্লা, আব্দুস সালাম ও রমজানের মালিকানাধীন তিনটি ইট ভাটায় মাটি সরবরাহ করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি বহনকারী দুটি ট্রাক আটক করা হয় এবং সংশ্লিষ্ট দুই চালককে অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সাদ্দাম হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এ অবৈধ মাটি উত্তোলন ও সরবরাহের কার্যক্রম চালানো হচ্ছে। প্রতি বছরই তিনি দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে মাটি কেটে ইটভাটাগুলোতে সরবরাহ করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস বলেন, কয়েকদিন ধরে অবৈধভাবে মাটি কেটে দৌলতপুরের কয়েকটি ইটভাটায় সরবরাহের খবর পাওয়া যাচ্ছিল। আজকের অভিযানে দুটি ট্রাক আটক করে সংশ্লিষ্ট চালকদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































